Job 13
Chinese Union Version (Simplified) (zh-Hans) → Bengali Bible (bn)
- 1
ইয়োব বললেন, “আগেও আমি এসব দেখেছি| তুমি যা বলছো, আমি তার সবই আগে শুনেছি| আমি ঐ সব কিছুই বুঝেছি|
- 2
তুমি যা জানো আমিও তাই জানি| আমিও তোমার মতই জানি|
- 3
কিন্তু আমি তোমার সঙ্গে তর্ক করতে চাই না| আমি সর্বশক্তিমান ঈশ্বরের সঙ্গে কথা বলতে চাই| আমি আমার সমস্যার বিষয়ে ঈশ্বরের সঙ্গে তর্ক করতে চাই|
- 4
কিন্তু তোমরা তিন জন মিথ্যা দিয়ে তোমাদের অজ্ঞতাকে ঢাকতে চাইছো| তোমরা সেই অপদার্থ ডাক্তারের মত যারা কারো রোগই সারাতে পারে না|
- 5
তোমরা যদি একটু চুপ করে থাকতে পারতে! সেটাই হত বিজ্ঞের মতো কাজ যা তোমরা করতে পারতে|
- 6
“এখন আমার যুক্তিগুলো শোন| আমার যা বলার আছে তা শোন|
- 7
তোমরা কি ঈশ্বরের জন্য মিথ্যা কথা বলবে? তোমরা কি ঈশ্বরের জন্য কপটভাবে কথা বলবে?
- 8
তোমরা কি ঈশ্বরের প্রতি পক্ষপাতিত্ব দেখাবে? তোমরা কি তাঁর পক্ষ নিয়ে অন্যায় ভাবে তর্ক করবে?
- 9
যদি ঈশ্বর পুঙ্খানুপুঙ্খ ভাবে তোমাদের বিচার করেন তিনি কি তোমাদেরও সঠিক দেখবেন? তোমরা কি মনে কর, যে ভাবে তোমরা মানুষকে বোকা বানাও, সেই ভাবে তোমরা ঈশ্বরকে বোকা বানাতে পারবে?
- 10
তোমরা তো জানো, যে তোমরা যদি গোপনে পক্ষপাতিত্ব দেখাও, ঈশ্বর তোমাদের তিরস্কার করবেন|
- 11
ঈশ্বরের মহিমা তোমাদের ভীত করে| তোমরা তাঁকে ভয় পাও|
- 12
তোমাদের পরমপরাগত জ্ঞান ছাইয়ের মতই অকেজো| তোমাদের উত্তরগুলিও কাদামাটির মতো নিরর্থক|
- 13
“চুপ করে থাক এবং আমাকে কথা বলতে দাও! তাহলে আমার প্রতি যা কিছুই হোক্ আমি তা গ্রহণ করব|
- 14
আমি নিজেকে বিপদের মধ্যে নিয়ে যাবো এবং নিজের জীবন নিজের হাতেই তুলে নেব|
- 15
ঈশ্বর যদি আমাকে মেরেও ফেলেন আমি ঈশ্বরকে বিশ্বাস করে যাবো| কিন্তু আমি ঈশ্বরের সামনে প্রমাণ করে দেবো যে আমার পথও প্রকৃত ন্যায্য পথ ছিল|
- 16
নিশ্চিত ভাবে, এটা হবে আমার জয়| কোন দুষ্ট লোকই ঈশ্বরের মুখোমুখি হতে চায় না|
- 17
আমি যা বলছি তা মন দিয়ে শোন| আমাকে বুঝিয়ে বলতে দাও|
- 18
এখন আমি আমার যুক্তিগুলো উপস্থাপিত করতে প্রস্তুত| আমি খুব সতর্কভাবে আমার যুক্তি উত্থাপন করবো| আমি জানি আমিই সঠিক বলে চিহ্নিত হবো|
- 19
যদি কেউ প্রমাণ করে দেয় যে আমি ঠিক নই, আমি চুপ করে থাকব এবং মরে যাব|
- 20
“ঈশ্বর, আমাকে মাত্র দুটি জিনিস দিন, তাহলে আমি আপনার কাছ থেকে লুকাবো না|
- 21
আমার শাস্তি রদ করে দিন এবং আপনার ভয়ঙ্কর রূপ দিয়ে আমায় সন্ত্রস্ত করা বন্ধ করে দিন|
- 22
তারপর আপনি আমায় ডাকবেন, আমি আপনাকে উত্তর দেবো| অথবা আমায় বলতে দিন এবং আপনি উত্তর দিন|
- 23
আমি কতগুলি পাপ করেছি? আমি কি ভুল করেছি? আমাকে আমার পাপ ও অন্যায়গুলি দেখিয়ে দিন|
- 24
ঈশ্বর, কেন আপনি আমায় এড়িয়ে যাচ্ছেন এবং আমাকে আপনার শত্রু বলে বিবেচনা করছেন?
- 25
আপনি কি আমায় ভয় দেখাতে চাইছেন? আমি বাতাসে ওড়া একটা শুকনো পাতা মাত্র| আপনি একটা ক্ষুদ্র খড়-কুটোকে আক্রমণ করছেন!
- 26
ঈশ্বর, আমার সম্পর্কে আপনি মন্দ কথা বলেন| যখন আমি অল্প বয়স্ক ছিলাম তখনকার পাপের জন্য আপনি আমায় শাস্তি দিচ্ছেন|
- 27
আপনি আমার পায়ে শিকল পরিয়েছেন| আমার প্রতিটি পদক্ষেপ আপনি লক্ষ্য করেন| আমার সকল গতিবিধিই আপনি নজর করেন|
- 28
তাই, পচনশীল কাঠের মত, পোকা খাওয়া কাপড়ের মত আমি দুর্বল থেকে দুর্বলতর হয়ে যাচ্ছি|”