✦Follow
Learn › ASV → BENGALI · 2 Samuel 10

2 Samuel 10

American Standard Version (en) → Bengali Bible (bn)

Vocab cards →Courses →
Key words
  1. 1

    পরে অম্মোনীয়দের রাজা নাহশ মারা গেলেন| তাঁর পুত্র হানূন, তারপরে নতুন রাজা হলেন|

  2. 2

    দায়ুদ বললেন, “নাহশ আমার প্রতি সদয় ছিলেন| আমিও তার পুত্র হানূনের প্রতি সদয় হব|” অতএব দায়ুদ হানূনের পিতার মৃত্যু সম্পর্কে সান্ত্বনা জানিয়ে তাঁর আধিকারিকদের পাঠালেন|

  3. 3

    কিন্তু অম্মোনীয়দের নেতারা তাদের মনিব হানূনকে বলল, “আপনি কি মনে করেন কয়েকজন লোক পাঠিয়ে দায়ুদ আপনার পিতার প্রতি সম্মান দেখাতে ও আপনাকে সান্ত্বনা দিতে চান? না! দায়ুদ এই লোকগুলোকে পাঠিয়েছেন আপনার শহর সম্পর্কে গোপনে জেনে যেতে ও খোঁজ খবর নিতে| তারা আপনার বিরুদ্ধে যুদ্ধের ফন্দি আঁটছে|”

  4. 4

    তখন হানূন দায়ুদের লোকদের ধরে তাদের অর্ধেক দাড়ি কামিয়ে দিল এবং তাদের জামাকাপড় পাছা পর্যন্ত কেটে দিল| তারপর তাদের পাঠিয়ে দিল|

  5. 5

    লোকরা যারা দায়ুদকে এই খবর দিল, তিনি সেই আধিকারিকদের সঙ্গে দেখা করার জন্য বার্তাবাহক পাঠালেন| তিনি এটা করেছিলেন কারণ সেই লোকগুলি খুবই লজ্জিত হয়েছিল| রাজা দায়ুদ বললেন, “যতদিন না তোমাদের দাড়ি গজায়, ততদিন যিরীহোতে অপেক্ষা কর, তারপর জেরুশালেমে ফিরে এসো|”

  6. 6

    অম্মোনীয়রা দেখল তারা দায়ুদের শত্রুতে পরিণত হয়েছে| তখন অম্মোনীয়রা বৈৎ‌-রহোব এবং সোবা থেকে অরামীয়দের ভাড়া করে নিয়ে এল| তাদের মধ্যে মোট 20,000 পদাতিক সৈন্য ছিল| এছাড়া অম্মোনীয়রা 1000 লোক সহ মাখার রাজা এবং টৌব থেকে 12,000 লোককে ভাড়া করেছিল|

  7. 7

    দায়ুদ এই সবই শুনলেন| তাই তিনি যোয়াব এবং শক্তিশালী লোকজন সহ গোটা সৈন্যবাহিনীকে পাঠালেন|

  8. 8

    অম্মোনীয়রা বেরিয়ে এল এবং যুদ্ধের জন্য প্রস্তুত হল| তারা শহরের প্রবেশদ্বারের কাছে দাঁড়িয়েছিল| সোব ও রহোবের অরামীয় সৈন্যরা এবং টোব ও মাখার সৈন্যরা শহরের বাইরের মাঠে সমবেত হল|

  9. 9

    যোয়াব দেখলেন তাঁর সামনে পিছনে শত্রু| তখন যোয়াব শ্রেষ্ঠ ইস্রায়েলীয়দের বেছে নিয়ে, তাদের অরামীয়দের বিরুদ্ধে যুদ্ধের জন্য সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে দিলেন|

  10. 10

    অম্মোনীয়দের বিরুদ্ধে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি তাঁর আর এক ভাই অবীশয়ের উপর দায়িত্ব দিলেন|

  11. 11

    যোয়াব অবীশয়কে বললেন, “যদি অরামীয়রা আমাদের থেকে বেশী শক্তিশালী বলে মনে হয়, তুমি আমাকে সাহায্য করবে| যদি অরামীয়রা তোমার কাছে বেশী শক্তিশালী হয়ে ওঠে–আমি এসে তোমাকে সাহায্য করব|

  12. 12

    এসো, আমরা শক্তিশালী হই এবং সাহসিকতার সঙ্গে আমাদের লোকদের জন্য এবং আমাদের ঈশ্বরের শহরগুলির জন্য লড়াই করি| প্রভু যা সঠিক বিবেচনা করেন, তাই করবেন|”

  13. 13

    তারপর যোয়াব এবং তাঁর লোকরা অরামীয়দের আক্রমণ করলেন| অরামীয়রা যোয়াব এবং তাঁর লোকদের কাছ থেকে পালিয়ে গেল|

  14. 14

    অম্মোনীয়রা দেখল অরামীয়রা দৌড়ে পালাচ্ছে, তখন তারাও অবীশয়ের থেকে দৌড়ে পালালো এবং তাদের শহরে ফিরে গেল|

  15. 15

    অরামীয়রা দেখলো ইস্রায়েলীয়রা তাদের পরাজিত করেছে| তখন তারা একসঙ্গে জমায়েত হয়ে একটা সৈন্যবাহিনী গড়ে তুলল|

  16. 16

    ফরাৎ নদীর অপর পারে যে সব অরামীয় বাস করত, তাদের আনবার জন্য হদদেষর তার বার্তাবাহকদের পাঠাল| সেই অরামীয়রা হেলমে এলো| তাদের নেতা ছিল শোবক, হদদেষরের সৈন্যবাহিনীর সেনাপতি|

  17. 17

    দায়ুদ সব শুনলেন| তিনি সব ইস্রায়েলীয়দের জড় করলেন| তারা যর্দন নদী পেরিয়ে হেলমে গিয়ে হাজির হল|

  18. 18

    কিন্তু যুদ্ধে অরামীয়রা পরাজিত হল এবং অরামীয়রা ইস্রায়েলীয়দের থেকে দূরে পালিয়ে গেল| দায়ুদ 700 রথচালক, 40,000 অশ্বারোহী সৈন্যকে হত্যা করলেন| দায়ুদ অরামীয় সেনাপতি শোবককেও হত্যা করলেন|

  19. 19

    হদদেষরের অধীনস্থ রাজারা যখন দেখল, ইস্রায়েলীয়রা তাদের পরাজিত করেছে তখন তারা ইস্রায়েলীয়দের সঙ্গে শান্তি চুক্তি করল এবং তাদের দাসে পরিণত হল| অরামীয়রা অম্মোনীয়দের আবার সাহায্য করতে ভয় পেল|

← Previous chapterNext chapter →

Read & Listen

  • Read
  • Listen
  • Library
  • Plans

Worship & Walk

  • Worship
  • Chapel mode
  • Walk
  • Harmony

Learn & Discover

  • Learn
  • Learn languages
  • Stories
  • Exemplars
  • Speak
  • Misread verses
  • Ask
  • Comics

About

  • About
  • Joules/verse
  • Settings
  • Source

More from askdavidc

  • AAC
  • Boca
  • Maps
Energy used today: 0 JFree forever. No ads. No paywall. No tracking. Every joule metered.