Genesis 18
Textus Receptus (Stephanus 1550) (grc) → Bengali Bible (bn)
- 1
পরে প্রভু পুনরায় অব্রাহামের সামনে আবির্ভূত হলেন| মম্রির ওক বৃক্ষগুলির কাছে অব্রাহাম বাস করছিলেন| একদিন অব্রাহাম নিজের তাঁবুর প্রবেশ পথে বসেছিলেন| তখন দিনের সবচেয়ে চড়া গরমের সময়|
- 2
অব্রাহাম চোখ তুলে দেখলেন যে তাঁর সামনে তিনজন আগন্তুক দাঁড়িয়ে| তাঁদের দেখে অব্রাহাম তাঁদের কাছে গিয়ে অভিবাদন জানালেন|
- 3
অব্রাহাম বললেন, “মহাশয়গণ, আমি আপনাদের সেবক, আমার এখানে আপনারা কিছুক্ষণ অবস্থান করুন|
- 4
আপনাদের পা ধোয়ার জন্য আমি জল এনে দিচ্ছি| আপনারা গাছের ছায়ায় বিশ্রাম করুন|
- 5
আমি আপনাদের খাবারের ব্যবস্থা করছি এবং আপনারা ইচ্ছামত আহার করে আবার আপনাদের গন্তব্যস্থল অভিমুখে যাত্রা করতে পারেন|”
- 6
অব্রাহাম তাড়াতাড়ি তাঁবুর ভেতরে গেলেন| অব্রাহাম সারাকে বললেন, “চট করে তিনজনের মত রুটির ব্যবস্থা করো|”
- 7
তারপর অব্রাহাম তাঁর গোয়ালে দৌড়ে গেলেন| সবচেয়ে ভাল বাছুরটা বেছে নিলেন| অব্রাহাম তখনই এক ভৃত্যকে ওটাকে মেরে রান্না করার জন্যে বললেন|
- 8
তারপর অব্রাহাম সেই মাংস আর খানিকটা দুধ ও পনীর এনে অতিথি তিনজনের সামনে রাখলেন| পরিবেশন করার জন্য অব্রাহাম সামনে দাঁড়িয়ে থাকলেন এবং তাঁরা গাছের ছায়ায় বসে ভোজন করলেন|
- 9
তারপর তাঁরা জিজ্ঞাসা করলেন, “তোমার স্ত্রী সারা কোথায়?”
- 10
তখন প্রভু বললেন, “আমি আবার বসন্তকালে আসব| তখন তোমার স্ত্রী সারার একটি পুত্র হবে|”
- 11
অব্রাহাম ও সারা তখন রীতিমত বৃদ্ধ-বৃদ্ধা| সন্তান জন্ম দেওয়ার বয়স সারা অনেকদিন আগে পার হয়ে এসেছেন|
- 12
স্বভাবতই সারা যা শুনলেন তা বিশ্বাস করলেন না| নিজের মনে মনে সারা হেসে বললেন, “আমি বৃদ্ধা হয়েছি আর আমার স্বামীও বৃদ্ধ| সন্তান প্রসবের পক্ষে আমার অনেক বেশী বয়স হয়েছে|”
- 13
তখন প্রভু অব্রাহামকে বললেন, “সারা হাসছে| সারা ভাবছে যে সন্তানের জন্ম দেওয়ার পক্ষে তার অনেক বেশী বয়স হয়েছে|
- 14
কিন্তু প্রভুর পক্ষে কি কোনও কাজ খুব কঠিন? না! আমি যেমন বলেছি, আবার বসন্তকালে, তেমনই আসব এবং তোমার স্ত্রী সারার তখন সন্তান হবে|”
- 15
কিন্তু সারা বলল, “আমি হাসি নি!” (একথা বললেন কারণ তিনি ভয় পেয়েছিলেন|)
- 16
তারপর সেই তিনজন আগন্তুক যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন| সদোমের দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন এবং সদোম অভিমুখে চলতে শুরু করলেন| তাঁদের এগিয়ে দেওয়ার জন্য অব্রাহামও তাঁদের সঙ্গে সঙ্গে হাঁটতে শুরু করলেন|
- 17
প্রভু আপন মনে বললেন, “এখন আমি কি করব তা কি অব্রাহামকে বলব?
- 18
অব্রাহাম থেকে জন্মলাভ করবে এক মহান ও শক্তিশালী জাতি এবং অব্রাহামের জন্যেই পৃথিবীর সমস্ত মানুষ আশীর্বাদ প্রাপ্ত হবে|
- 19
আমি অব্রাহামের সাথে এক বিশেষ চুক্তি করেছি| প্রভুর ইচ্ছা অনুসারে জীবনযাপনের জন্য যাতে অব্রাহামের সন্তানসন্ততি ও উত্তরপুরুষগণ অব্রাহামের আজ্ঞা পালন করে তাই এই ব্যবস্থা করেছি| এটা করেছি যাতে তারা ন্যায়পরায়ণ হয় ও সৎ জীবনযাপন করে| তাহলে আমি প্রভু, প্রতিশ্রুত জিনিসগুলি দিতে পারব|”
- 20
তারপরে প্রভু বললেন, “যে নিদারুণ পাপ সেখানে সংঘটিত হচ্ছে, তার জন্য আমি সদোম এবং ঘমোরার বিরুদ্ধে তীব্র আর্তনাদ শুনেছি|
- 21
যত খারাপ বলে শুনেছি তা সত্যিই তত খারাপ কিনা তা আমি নিজে গিয়ে দেখব| তাহলে আমি নিশ্চিতভাবে সব জানব|”
- 22
তখন তাঁরা তিনজন সদোম অভিমুখে হাঁটতে শুরু করলেন| কিন্তু অব্রাহাম প্রভুর সামনে দাঁড়িয়ে রইলেন|
- 23
অব্রাহাম প্রভুর কাছে এলেন এবং জিজ্ঞেস করলেন, “প্রভু, আপনি কি ভাল লোকেদেরও ধ্বংস করবেন যেমন আপনি মন্দ লোকেদের ধ্বংস করেন?
- 24
সদোম নগরে যদি 50 জনও ভাল লোক থাকে তাহলে আপনি কি করবেন? তাহলেও কি আপনি নগরটা ধ্বংস করবেন? নিশ্চয়ই আপনি ঐ নগরবাসী 50 জন ভাল লোকের জন্য নগরটা রক্ষা করবেন?
- 25
তাহলে আপনি নিশ্চয়ই ঐ নগরটা বা ঐ খারাপ লোকদের ধ্বংস করতে গিয়ে ঐ 50 জন ভাল লোকদেরও ধ্বংস করবেন না? যদি তা করেন তাহলে ভাল এবং মন্দ লোকেদের একই পরিণতি হবে| তার অর্থ, ভাল এবং মন্দ জাতীয় উভয় লোকদেরই মৃত্যুদণ্ড দেওয়া হবে| আপনি সমস্ত পৃথিবীর বিচারক| আমি জানি আপনি ঠিক বিচারই করবেন|”
- 26
তখন প্রভু বললেন, “আমি যদি সদোম নগরে 50 জন ভাল লোক পাই তাহলে আমি সমগ্র নগরটাকেই রক্ষা করব|”
- 27
তখন অব্রাহাম বললেন, “আপনার তুলনায় আমি নেহাতই ধুলো আর ছাই| কিন্তু একটা প্রশ্ন করে আবার আপনাকে বিরক্ত করছি|
- 28
যদি ভাল লোকদের থেকে 5 জনকে খুঁজে না পাওয়া যায় তখন কি করবেন? নগরে যদি মাত্র 45 জন ভাল লোক থাকে? মাত্র 5 জনকে পাওয়া গেল না বলে কি আপনি গোটা নগর ধ্বংস করে ফেলবেন?”
- 29
অব্রাহাম আবার বললেন, “সেখানে গিয়ে আপনি যদি মাত্র 40 জন ভাল লোককে পান তাহলে কি আপনি পুরো নগর ধ্বংস করবেন?”
- 30
অব্রাহাম বললেন, “প্রভু দয়া করে আমার ওপর রাগ করবেন না| একটা প্রশ্ন করি! যদি নগরে মাত্র 30 জন ভাল লোককে পান তাহলেও কি আপনি ঐ নগর ধ্বংস করবেন?”
- 31
তখন অব্রাহাম বললেন, “আপনাকে কি আর একবার বিরক্ত করতে পারি? যদি সেখানে মাত্র 20 জন ভাল লোক পান তাহলে কি করবেন?”
- 32
তখন অব্রাহাম বললেন, “প্রভু দয়া করে রাগ করবেন না, কিন্তু শেষবারের মতো আর একটি প্রশ্ন দিয়ে আপনাকে বিরক্ত করি| আপনি যদি সেখানে মাত্র 10 জন ভাল লোক পান তাহলে আপনি কি করবেন?”
- 33
প্রভুর অব্রাহামকে যা বলার ছিল, সব বলা হয়ে গেল| এবার প্রভু তাঁর পথে চলে গেলেন এবং অব্রাহাম নিজের বাসস্থানে ফিরে গেলেন|