Psalms 80
Louis Segond 1910 (fr) → Bengali Bible (bn)
- 1
হে ইস্রায়েলের মেষপালক, আমার কথা শুনুন| আপনি যোষেফের লোকদের মেষের মত পরিচালিত করেছেন| করূব দূতের ওপর আপনি রাজার মত বসেন| আপনাকে আমাদের দেখতে দিন|
- 2
হে ইস্রায়েলের মেষপালক ইফ্রয়িম, বিন্যামীন এবং মনঃশির প্রতি আপনার মহত্ব প্রদর্শন করুন| আপনি এসে আমাদের রক্ষা করুন|
- 3
ঈশ্বর, পুনর্বার আমাদের গ্রহণ করুন| আমাদের গ্রহণ করুন, আমাদের রক্ষা করুন!
- 4
প্রভু, হে সর্বশক্তিমান ঈশ্বর, কখন আপনি আমাদের প্রার্থনা শুনবেন? আপনি কি চিরদিনের মত আমাদের ওপর ক্রুদ্ধ হয়ে থাকবেন?
- 5
খাদ্য হিসেবে আপনার লোকদের আপনি চোখের জল দিয়েছেন| আপনার লোকদের আপনি তাদেরই চোখের জলে ভর্ত্তি গামলা দিয়েছেন| সেটাই ছিল তাদের পানীয় জল|
- 6
আমাদের শত্রুদের জন্য আপনি আমাদের ঝগড়ার কারণ হবার লক্ষ্য বানিয়েছেন এবং শত্রুরা আমাদের বিদ্রূপ করে|
- 7
হে সর্বশক্তিমান ঈশ্বর, পুনরায় আমাদের গ্রহণ করুন| আমাদের গ্রহণ করুন, আমাদের রক্ষা করুন|
- 8
অতীতে আপনি আমাদের প্রতি গুরুত্বপূর্ণ চারা গাছের মতই যত্ন নিয়েছিলেন| মিশর থেকে আপনি আপনার দ্রাক্ষালতা এনেছিলেন| অন্যান্য লোকদের আপনি এদেশ থেকে তাড়িয়ে দিয়েছিলেন এবং আপনার দ্রাক্ষালতা আপনি এখানে রোপণ করেছিলেন|
- 9
সেই দ্রাক্ষালতার জন্য আপনি জমি তৈরী করেছিলেন| এর শিকড়গুলোকে আপনি জমির গভীরে বাড়তে সাহায্য করেছিলেন, খুব তাড়াতাড়ি এই দ্রাক্ষালতা সারা দেশ ছেয়ে ফেলেছে|
- 10
এটি পর্বতকে ঢেকে দিয়েছে| এর পাতাগুলি বৃহৎ এরস গাছকেও ছায়া দিয়েছে|
- 11
এই দ্রাক্ষালতা ভূমধ্যসাগর পর্যন্ত ছড়িয়ে পড়বে| এর লতাপাতা ফরাৎ নদী পর্যন্ত বিস্তৃত হবে|
- 12
ঈশ্বর, যে প্রাচীর আপনার দ্রাক্ষালতাকে রক্ষা করতো, কেন তাকে ভেঙে ফেললেন? এখন যে কোন ব্যক্তিই এর ধার দিয়ে যায়, সেই এর দ্রাক্ষা তুলে নিয়ে যায়|
- 13
বুনো শূকররা এসে আমাদের দ্রাক্ষাক্ষেতে ঘুরে বেড়ায়| বুনো জন্তুরা এসে এর পাতা খায়|
- 14
হে সর্বশক্তিমান ঈশ্বর আপনি আসুন| স্বর্গ থেকে আপনার দ্রাক্ষাক্ষেত দেখুন এবং তাকে রক্ষা করুন|
- 15
হে ঈশ্বর, নিজ হাতে যে দ্রাক্ষালতা আপনি লাগিয়েছিলেন, তার দিকে দেখুন| যে চারাগাছকে আপনি বড় হতে দিয়েছেন তার দিকে দেখুন|
- 16
শুকনো গোবরের মত আপনার দ্রাক্ষালতা পুড়ে গিয়েছিলো| আপনি এর প্রতি ক্রুদ্ধ হয়ে একে ধ্বংস করে দিয়েছিলেন|
- 17
হে ঈশ্বর, যে সন্তান আপনার ডানদিকে দাঁড়িয়ে ছিল তার দিকে হাত বাড়ান| যে সন্তানকে আপনি বড় করেছেন তার দিকে হাত বাড়ান|
- 18
সে আর আপনাকে ছেড়ে যাবে না| তাকে বাঁচতে দিন, সে আপনার নামের উপাসনা করবে|
- 19
হে প্রভু সর্বশক্তিমান ঈশ্বর, আমাদের কাছে ফিরে আসুন| আমাদের গ্রহণ করুন| আমাদের রক্ষা করুন|