Psalms 104
Louis Segond 1910 (fr) → Bengali Bible (bn)
- 1
হে আমার আত্মা প্রভুর প্রশংসা কর! হে প্রভু আমার ঈশ্বর, আপনি মহান! মহিমা এবং সম্মান সহ সজ্জিত|
- 2
যেমন করে মানুষ জামাকাপড় পরে, তেমন করে আপনি আলোক পরিধান করেন| আপনিই আকাশকে পর্দার মত বিস্তৃত করেছেন|
- 3
ঈশ্বর তার ওপরে আপনি আপনার গৃহ নির্মাণ করেছেন| ঘন মেঘকে রথের মত ব্যবহার করে, বাতাসের ডানায় ভর করে আপনি সারা আকাশে ঘুরে বেড়ান|
- 4
ঈশ্বর, আপনার দূতদের আপনি বাতাসের মত এবং আপনার দাসদের আগুনের মত করে সৃষ্টি করেছেন|
- 5
ঈশ্বর, পৃথিবীকে আপনি তার শক্ত ভিতের ওপর নির্মাণ করেছেন, তাই পৃথিবী কখনও পড়ে যাবে না|
- 6
কম্বলের মত আপনি তাকে জল দিয়ে ঢেকে দিয়েছেন| জলরাশি পর্বতকে ঢেকে দিয়েছে|
- 7
কিন্তু আপনি নির্দেশ দিয়েছিলেন তাই জলও সরে গিয়েছিলো| ঈশ্বর আপনি জলের দিকে চেয়ে উচ্চস্বরে নির্দেশ দিয়েছিলেন এবং জলরাশি সরে গিয়েছিলো|
- 8
সেই জলরাশি পর্বতসমূহ থেকে বয়ে গিয়ে পড়েছিলো উপত্যকার মধ্যে এবং তারপর তার জন্য যে নির্দিষ্ট জায়গা আপনি তৈরী করেছিলেন সেখানে ঝরে পড়েছিলো|
- 9
আপনিই সমুদ্রের সীমা নির্ধারণ করেছেন| অতএব, জলরাশি আর অত উঁচুতে উঠবে না যাতে পৃথিবী পুনরায় ঢেকে যেতে পারে|
- 10
ঈশ্বর, আপনিই প্রস্রবণের জলকে নদীর ধারায় প্রবাহিত করিয়েছেন| পার্বত্য ধারা বেযে তা নীচে নেমে আসে|
- 11
সেই জলধারা সব বন্য প্রাণীদের পানীয় জল দেয়| এমন কি বুনো গাধারাও এখানে জল পান করতে আসে|
- 12
জলের ধারে বুনো পাখিরা বাস করতে আসে, কাছাকাছি গাছের ডালে বসে তারা গান গায়|
- 13
ঈশ্বর, পর্বত বেয়ে বৃষ্টি পাঠান| যে সব জিনিস ঈশ্বর সৃষ্টি করেছেন সেগুলি পৃথিবীর যা কিছু প্রয়োজন তার সবই জোগান দেয়|
- 14
পশুদের জন্য তিনি ঘাস দিয়েছেন| আমরা আমাদের কঠিন পরিশ্রম দিয়ে যে উদ্ভিদগুলি রোপন করি তাও তিনিই দেন, ওই সব গাছ মাটি থেকে আমাদের খাদ্য দেয়|
- 15
যে দ্রাক্ষারস আমাদের সুখী করে, যে তেল আমাদের চামড়া নরম রাখে, যে খাদ্য আমাদের শক্তিশালী করে সে সবই ঈশ্বর আমাদের দেন|
- 16
লিবানোনের মস্ত বড় এরস গাছগুলো ঈশ্বরের| প্রভুই ওই গাছগুলো লাগিয়েছেন এবং ওদের প্রয়োজনীয় জল তিনিই দিয়েছিলেন|
- 17
ওই গাছগুলোতে চড়ুই থেকে শুরু করে সারস পর্যন্ত সব পাখি বাসা করেছে|
- 18
উঁচু পর্বতে বুনো ছাগলরা থাকে| বিশাল বিশাল পাথরের মধ্যে পাহাড়ী ভোঁদড় লুকিয়ে থাকে|
- 19
হে ঈশ্বর, কবে ছুটি শুরু হবে তা বলে দেওয়ার জন্য আপনি আমাদের চাঁদ দিয়েছেন| এবং কখন অস্ত যেতে হবে সূর্য তা সব সময়েই জানে|
- 20
রাত্রি হবার জন্য আপনি অন্ধকার সৃষ্টি করেছেন, সেই সময় হিংস্র পশুরা বেরিয়ে আসে এবং ঘুরে বেড়ায়|
- 21
আক্রমণের সময় সিংহ গর্জন করে ওঠে, ঈশ্বর যে খাদ্য তাদের দেন তা যেন তারা গর্জন করে চাইতে থাকে|
- 22
তারপর সূর্য ওঠে এবং পশুরা তাদের ঘরে গিয়ে বিশ্রাম করে|
- 23
তারপর লোকরা যে যার কাজে যায় এবং তারা সন্ধ্যা পর্যন্ত কাজ করে|
- 24
হে ঈশ্বর, আপনি অনেক বিস্ময়কর কাজ করেছেন| আপনার সৃষ্ট জিনিসে এই পৃথিবী পূর্ণ| আপনি যা কিছু করেন, তার মধ্যে আমরা আপনার প্রজ্ঞা দেখি|
- 25
সাগরের দিকে দেখ তা কত বড়! সাগরের মধ্যে কত রকম ছোট এবং বড় প্রাণীসমূহ আছে যা গোনা যায় না!
- 26
আপনার সৃষ্ট লিবিয়াথন যখন সমুদ্রে খেলা করে, তখন জাহাজসমূহ সমুদ্র পারাপার করে|
- 27
ঈশ্বর, ওই সব জিনিসই আপনার ওপর নির্ভর করে| যথাসময়ে আপনি ওদের খাদ্য দেন|
- 28
সব জীবন্ত প্রাণীকেই আপনি তাদের আহারের খাদ্য দেন| ভালো ভালো খাবারে ভর্ত্তি করে আপনি আপনার করযুগল উন্মুক্ত করেন এবং তারা সন্তুষ্ট না হওয়া পর্যন্ত আহার করে যায়|
- 29
কিন্তু যখন আপনি ওদের থেকে বিমুখ হন ওরা ভয় পেয়ে যায়| ওদের আত্মা ওদের ছেড়ে যায়, ওরা দুর্বল হয়ে পড়ে এবং মারা যায় এবং ওদের দেহ আবার ধূলোয় পরিণত হয়!
- 30
কিন্তু যখন আপনি আপনার আত্মাকে পাঠালেন, প্রভু, তখন ওরা আবার স্বাস্থ্যবান হল| দেশটিকে আপনি আবার নতুন করে তোলেন!
- 31
প্রভুর মহিমা চিরদিন বিরাজ করুক! ঈশ্বর যা সৃষ্টি করেছেন তা তিনি উপভোগ করুন|
- 32
প্রভু যদি একবার পৃথিবীর দিকে তাকান পৃথিবী কেঁপে যাবে| পর্বতকে তিনি স্পর্শ করলে সেখান থেকে ধোঁয়া বেরোতে থাকবে|
- 33
আমার সারা জীবন আমি ঈশ্বরের উদ্দেশ্যে গান গাইব| যতক্ষণ আমি বেঁচে থাকবো, আমি প্রভুর প্রশংসা গীত গাইব|
- 34
আমি যা বলেছি, তা যেন ঈশ্বরকে সন্তুষ্ট করে| প্রভুর সঙ্গ লাভ করে আমি খুশী|
- 35
পাপ যেন পৃথিবী থেকে অদৃশ্য হয়ে যায়| দুষ্ট লোকদের অস্তিত্ব যেন আর না থাকে| হে আমার আত্মা, প্রভুর প্রশংসা কর! প্রভুর প্রশংসা কর!