Job 7
Chinese Union Version (Simplified) (zh-Hans) → Bengali Bible (bn)
- 1
ইয়োব বললেন, “পৃথিবীতে মানুষকে কঠিন সংগ্রাম করতে হয়| তাদের জীবন একজন কঠোর পরিশ্রমী শ্রমিকের জীবনের মত|
- 2
মানুষ সেই ক্রীতদাসের মত, যে প্রচণ্ড গরমের দিনে সারাদিন পরিশ্রমের পর একটু শীতল ছায়া চায়| মানুষ একজন ভাড়াটে শ্রমিকের মত যে বেতনের দিনের জন্য অপেক্ষা করে|
- 3
তাই, ঠিক একটি ক্রীতদাস ও শ্রমিকের মত আমাকে মাসের পর মাস নৈরাশ্য দেওয়া হয়েছে| আমাকে দুঃখভরা রাতগুলি গুনে দেওয়া হয়েছে|
- 4
যখন আমি শুই, আমি ভাবি, ‘আবার কতক্ষণ পরে জেগে উঠবো?’ রাত্রি প্রলম্বিত হয়| সূর্য ওঠা পর্যন্ত আমি ছটফট করি|
- 5
আমার দেহ কৃমিকীট ও আবর্জনার মণ্ড দিয়ে আবৃত| আমার চামড়া ফেটে যায় ও রস গড়ায়|
- 6
“আমার জীবন, তাঁতির মাকুর থেকেও দ্রুত অতিবাহিত হয়ে যাচ্ছে| এবং আশাহীন ভাবে আমার জীবন শেষ হচ্ছে|
- 7
স্মরণে রেখো, আমার জীবন একটি নিশ্বাস মাত্র| আর কখনও আমি ভালো কিছু দেখবো না|
- 8
এবং যদিও তুমি এখন আমায় দেখছ তুমি আমাকে দেখবে না, তুমি আমাকে খুঁজতে থাকবে কিন্তু আমি থাকবো না|
- 9
মেঘ চলে যায় এবং বিলুপ্ত হয়| একই ভাবে, একজন লোক কবরে চলে যায়| সে আর ফিরে আসে না|
- 10
তার পুরোনো বাড়ীতে সে আর কখনই ফিরে আসবে না| তার বাড়ী তাকে আর চিনতে পারবে না|
- 11
“তাই আমি চুপ করে থাকবো না! আমি কথা বলবো, আমার আত্মা কষ্ট পাচ্ছে! আমি অভিযোগ করবো কারণ আমার আত্মা বীতশ্রদ্ধ হয়ে গেছে|
- 12
ঈশ্বর, কেন আপনি আমায় পাহারা দিচ্ছেন? আমি কি সমুদ্র বা সমুদ্র দানব?
- 13
যখন আমি বলি আমার বিছানা আমাকে আরাম দেবে, আমার চৌকি আমাকে বিশ্রাম ও শান্তি দেবে
- 14
তখন স্বপ্ন দেখিয়ে আপনি আমায় ভয় পাওয়ান| ভয়াবহ স্বপ্ন দর্শন করিয়ে আপনি আমায় ভীত করেন|
- 15
তাই ফাঁসি যাওয়াটাই আমি এখন শ্রেয় বলে মনে করি| এমন ভাবে বেঁচে থাকার চেয়ে আমার মরে যাওয়াই ভাল|
- 16
আমি আমার জীবনকে বাতিল করে দিয়েছিলাম| আমি চিরদিন বেঁচে থাকতে চাই না| আমাকে একা থাকতে দিন| আমার জীবন শুধুই একটি বয়ে যাওয়া নিঃশ্বাস|
- 17
ঈশ্বর, কেন মানুষ আপনার কাছে এত গুরুত্বপূর্ণ? কেন আপনি তাকে এত লক্ষ্য করেন?
- 18
কেন প্রতিদিন সকালে আপনি মানুষ পরীক্ষা করেন? কেন প্রতি মূহুর্তে লোকদের যাচাই করেন?
- 19
ঈশ্বর, আপনি কি আমার উপর থেকে আপনার দৃষ্টি সরিয়ে নেবেন না? আপনি কি এক পলকের জন্যও আমাকে একা ছাড়বেন না?
- 20
ঈশ্বর, আপনি মানুষের ওপর নজর রাখেন| আমি অন্যায় করেছি, ভাল| আমি আপনার প্রতি কি করতে পারি? কেন আমি আপনার বোঝা হয়ে উঠেছি?
- 21
অপরাধ করার জন্য কেন আপনি আমায় ক্ষমা করছেন না? আমার পাপের জন্য কেন আপনি আমায় ক্ষমা করছেন না? আমি খুব তাড়াতাড়ি মরে গিয়ে কবরে যাবো| তখন আপনি আমায় খুঁজবেন, কিন্তু আমি তখন চলে যাবো|”