Isaiah 34
Chinese Union Version (Traditional) (zh-Hant) → Bengali Bible (bn)
- 1
সমস্ত জাতিসমূহ, আমার কথা শোন! খুব কাছে এসে তোমাদের এই কথা শোনা উচিৎ| পৃথিবীর এবং পৃথিবীর সব লোক এই সব কথা শোন|
- 2
প্রভু সমস্ত জাতি এবং তাদের সৈন্যদের প্রতি রুদ্ধ| তিনি তাদের সকলকে ধ্বংস করবেন| তিনি তাদের হত্যা করাবেন|
- 3
তাদের দেহগুলি বাইরে ছুঁড়ে ফেলে দেওয়া হবে| তাদের শরীর থেকে দুর্গন্ধ বেরোবে| তাদের রক্ত পাহাড় থেকে গড়িয়ে পড়বে|
- 4
পাকানো কাগজের মত আকাশ গুটিয়ে বন্ধ হয়ে যাবে| নক্ষত্ররা মারা যাবে এবং দ্রাক্ষা গাছের পাতা বা ডুমুর পাতার মতো তাদের পতন হবে| আকাশের সব নক্ষত্র নষ্ট হয়ে যাবে|
- 5
প্রভু বললেন, “এসব ঘটবে যখন আকাশে আমার তরবারি রক্ত দ্বারা পরিতৃপ্ত হবে|”
- 6
কারণ প্রভু মনে করেন ইদোম ও ইদোমের শহর বসরার ধ্বংসের সময় এসেছে|
- 7
সুতরাং মেষ, গবাদি পশু ও শক্তিশালী ষাঁড়দের ধ্বংস করা হবে| তাদের রক্তে দেশ পূর্ণ হবে| তাদের চর্বিতে ভূমি আচ্ছাদিত হবে|
- 8
এই সব জিনিসগুলি ঘটবে কারণ প্রভু শাস্তির সময় নির্ধারণ করেছেন| যে সব লোক সিয়োনের বিরুদ্ধে অন্যায় করেছে তাদের শাস্তি দেবার জন্য প্রভু একটি বছর বেছে নিয়েছেন|
- 9
ইদোমের নদীসমূহ গরম আলকাতারার মতো হবে| ইদোমের মাটি হবে পোড়া গন্ধকের মতো|
- 10
সারা দিনরাত জ্বলবে আগুন| কেউ সেই আগুন নেভাতে পারবে না| ইদোম থেকে ধোঁয়া বের হতেই থাকবে| এই দেশ চির কালের জন্য ধ্বংস হয়ে যাবে| লোকরা আর কখনো ঐ দেশের মধ্য দিয়ে যাতায়াত করতে পারবে না|
- 11
পাখি এবং ক্ষুদ্র প্রাণীরা এই দেশকে দখল করে নেবে| পেঁচা ও দাঁড়কাকরা সেখানে বসবাস করবে| বিশৃঙ্খলার ফিতে এবং বিভ্রান্তির পাথর দিয়ে সেই দেশকে মাপা হবে|
- 12
ওখানকার নেতারা এবং সম্ভ্রান্ত লোকরা শাসন করবার মত কিছু পাবে না| তারা সবাই গত হয়ে থাকবে|
- 13
সমস্ত সুন্দর বাড়িগুলিতে কাঁটা ও বন্য ঝোপঝাড় জন্মাবে| বন্য কুকুর ও পেঁচা সে সকল বাড়িতে বসবাস করবে| বন্য জন্তুরা সেখানে বাস করবে| বড় পাখিরা ওখানে গজিয়ে ওঠা ঘাসের মধ্যে বাস করবে|
- 14
বন্য বিড়ালরা বন্য কুকুরের সঙ্গে এক সাথে বাস করবে| বন্য ছাগল তাদের বন্ধুদের ডাকবে| নিশাচর পশুরা সেখানে খুঁজে পাবে বিশ্রামস্থল|
- 15
সেখানে সাপরা বাসা বাঁধবে| তারা সেখানে ডিম পাড়বে| তারা ছায়ায় আশ্রয় নেবে এবং সেখানে ডিম ফোটাবে| কিন্তু বাজপাখীরাও সেখানে একের পর এক এসে জুটবে|
- 16
প্রভুর বইটির মধ্যে খুঁজে দেখ এবং পড়| একটা জিনিষও বাদ যাবে না| সেখানে লেখা আছে যে ঐ সকল প্রাণীদের একজনও নিশ্চিহ্ন হবে না| একজনও সঙ্গীহীন হবে না| ঈশ্বর এই আদেশ দিয়েছেন এবং ঈশ্বরের আত্মা তাদের একত্রিত করেছে|
- 17
ঈশ্বর সিদ্ধান্ত নিয়েছেন তাদের সম্বন্ধে তিনি কি করবেন| তারপর ঈশ্বর তাদের জন্য একটা জায়গা নির্বাচন করবেন| ঈশ্বর একটি গণ্ডি কেটে তাদের জায়গা দেখিয়ে দেবেন| সুতরাং প্রাণীরা সেই জায়গাকে চিরকালের জন্য দখল করে নেবে| সেখানে তারা বসবাস করবে বছরের পর বছর|