1 Thessalonians 4
Chinese Union Version (Traditional) (zh-Hant) → Bengali Bible (bn)
- 1
প্রিয় ভাই ও বোনেরা, তোমাদের কাছে আমার আরও কিছু বলার আছে৷ কি করে ঈশ্বরকে সন্তষ্ট করে জীবনযাপন করতে হয়, এ বিষয়ে তোমরা আমাদের কাছে শিক্ষা পেয়েছ; আর সেইভাবেই তোমরা চলেছ৷ বেশ, এখন চাইছি ও তোমাদের উৎসাহ দিয়ে বলছি যে তোমরা আরো বেশী করে সেইভাবে চলো৷
- 2
তোমরা শুনেছ এবং জান তোমাদের কি করণীয়; প্রভু যীশুর কাছ থেকে অধিকার পেয়ে সেই শিক্ষা তোমাদের দিয়েছিলাম৷
- 3
ঈশ্বর চান যে তোমরা পবিত্র হও ও সবরকম যৌন পাপ থেকে দূরে থাক৷
- 4
ঈশ্বর চান তোমরা পুরুষরা প্রত্যেকে জানো কিভাবে পবিত্র ও সম্মানজনকভাবে নিজের স্ত্রীর সাথে বাস করতে হয়৷
- 5
বিজাতীয়রা, যারা ঈশ্বরকে জানে না তারা যেভাবে কামনা বাসনা দ্বারা চালিত হয়, সেইভাবে চলো না৷
- 6
এই ব্যাপারে কেউ যেন তার বিশ্বাসী ভাইকে না ঠকায়, কারণ যারা ঐভাবে চলে প্রভু তাদের দণ্ড দেবেন৷ এই বিষয়ে এর আগেই তোমাদের জানিয়েছি ও তোমাদের সাবধান করে দিয়েছি৷
- 7
কারণ ঈশ্বর আমাদের অশুচিভাবে চলার জন্য নয়, বরং পবিত্র হবার উদ্দেশ্যেই আহ্বান করেছেন৷
- 8
তাই, যে এই শিক্ষা অনুসারে চলতে অস্বীকার করে সে মানুষকে নয় কিন্তু ঈশ্বরকেই অমান্য করে, যে ঈশ্বর আমাদের পবিত্র আত্মা দান করেন৷
- 9
খ্রীষ্টেতে তোমাদের যে বিশ্বাসী ভাই ও বোনেরা আছে তাদের যে ভালবাসায় ভালবাসতে হবে, সে বিষয়ে তোমাদের কাছে লেখার দরকার নেই৷ কারণ পরস্পরকে ভালবাসার শিক্ষা তো তোমরা ঈশ্বরের কাছ থেকেই পেয়েছ৷
- 10
বাস্তবিক তোমরা মাকিদনিয়ার সমস্ত ভাই ও বোনেদের ভালবাস৷ প্রিয় ভাই ও বোনেরা, এখন আমরা তোমাদের উৎসাহ দিয়ে বলছি যে তোমরা আরো গভীরভাবে পরস্পরকে ভালবাসবে৷
- 11
শান্তিপূর্ণ জীবনযাপন করতে আপ্রাণ চেষ্টা কর৷ এবিষয়ে যেমন তোমাদের বলেছি তেমনিভাবে নিজের নিজের কাজ যত্ন সহকারে কর, নিজের হাতে কাজ করে যাও৷
- 12
এর ফলে মণ্ডলীর বাইরের মানুষ তোমাদের জীবন ধারা দেখে তোমাদের সম্মান করবে এবং কারো ওপর তোমাদের নির্ভর করতে হবে না৷
- 13
প্রিয় ভাই ও বোনেরা, যারা মারা গিয়েছে তাদের সম্পর্কে তোমাদের জানাতে চাই৷ যাদের কোন প্রত্যাশা নেই, তাদের মতো তোমরা শোকার্ত হও এ আমরা চাই না৷
- 14
আমরা বিশ্বাস করি যে যীশু মারা গিয়েছিলেন এবং যীশু বেঁচে উঠেছেন৷ যীশু যখন ফিরে আসবেন তখন যে সব খ্রীষ্ট বিশ্বাসীর মৃত্যু হয়েছে, ঈশ্বর খ্রীষ্টের মাধ্যমে তাদেরও উত্থিত করে খ্রীষ্টের সঙ্গে ফিরিয়ে আনবেন৷
- 15
আমরা যা বলছি তা আমরা প্রভুর কাছ থেকে তাঁর বাণীরূপে জানতে পেরে বলছি৷ আমরা যারা এখন জীবিত আছি তারা প্রভুর আগমনের সময়েও জীবিত থাকব, আর প্রভুর কাছে চলে যাব, কিন্তু কোনভাবেই সেই মৃতদের আগে যাব না৷
- 16
কারণ যখন প্রধান স্বর্গদূতের গম্ভীর আদেশ ও ঈশ্বরের তূরীধ্বনি হবে, প্রভু নিজে স্বর্গ থেকে নেমে আসবেন৷ তখন যে সব খ্রীষ্ট বিশ্বাসীদের মৃত্যু হয়েছে তারা প্রথমে জেগে উঠবে৷
- 17
তারপর আমরা যারা তখনও পৃথিবীতে জীবিত থাকব, প্রভুর সঙ্গে আকাশে সাক্ষাৎ করতে তাদের সাথে আমাদেরও মেঘের মধ্যে তুলে নেওয়া হবে; আর আমরা প্রভুর সঙ্গে চিরকাল থাকব৷
- 18
সুতরাং এইসব কথার দ্বারা তোমরা পরস্পরকে সান্ত্বনা দিও৷