Judges 5
Cornilescu 1924 (ro) → Bengali Bible (bn)
- 1
যেদিন ইস্রায়েলবাসীরা সীষরাকে পরাজিত করলো, সে দিন দবোরা আর অবীনোযমের পুত্র বারক এই গানটি গেয়েছিল:
- 2
“ইস্রায়েলের লোকরা যুদ্ধের প্রস্তুতি করল| তারা স্বেচ্ছায় যুদ্ধক্ষেত্রে যেতে চাইল| প্রভুর নাম ধন্য হোক্|
- 3
“রাজারা সকলে শোন, শাসকরা মন দিয়ে শোন| আমি, আমিই প্রভুর উদ্দেশ্যে গান গাইব, ইস্রায়েলের ঈশ্বর ও প্রভুর উদ্দেশ্যে গানটি গাইব|
- 4
“হে প্রভু, তুমি সেয়ীর থেকে এসেছিলে| তোমার অভিযান ইদোম দেশ থেকে শুরু হয়েছিল| তোমার পদপাতে কেঁপে উঠেছিল পৃথিবী| আকাশ থেকে অঝোরে বৃষ্টি পড়ছিল| মেঘরা ঝরিয়ে ছিল জল|
- 5
প্রভু, সীনয় পর্বতের ঈশ্বরের সামনে, প্রভু, ইস্রায়েলের ঈশ্বরের সামনে পর্বতমালা কেঁপে উঠেছিল|
- 6
“অনাতের পুত্র শম্গর এবং যায়েলের সময়ে সমস্ত রাজপথ জনমানবহীন| বণিকরা এবং পথিকরা অন্য পথ দিয়ে যাতায়াত করত|
- 7
“সেখানে কোন সৈন্য ছিল না| দবোরা যতদিন তুমি ইস্রায়েলের মা হয়ে আসো নি ততদিন ইস্রায়েলে কোন সৈন্য ছিল না|
- 8
“ঈশ্বর নতুন নেতাদের নির্বাচন করেছিলেন| তারা নগরের প্রবেশদ্বারে যুদ্ধে রত ছিল| ইস্রায়েলে 40,000 সৈন্য ছিল| তাদের মধ্যে কেউ একটাও ঢাল অথবা বর্শা খুঁজে পায় নি|
- 9
“আমার হৃদয় ইস্রায়েলের সেই সেনাপতিদের সঙ্গে রয়েছে, যারা স্বেচ্ছায় যুদ্ধে গিয়েছিল| প্রভুর নাম ধন্য হোক্|
- 10
“তোমরা যারা সাদা গর্দভের পিঠে চড়ে কম্বলের জিনে বসে আছো এবং যারা রাস্তায় হাঁটো, তারা এ সম্বন্ধে গান কর|
- 11
পশুরা যেখানে জল পান করে সেই চৌবাচ্চায় শুনি রণদামামার মহাসঙ্গীত ধ্বনি| লোকরা গায় প্রভুর বিজয়গীতি, ইস্রায়েলে তাঁর সৈন্যের জয় গৌরব গীতি যখন তাঁরই বাহিনী নগরদ্বারে করেছে যুদ্ধ আর তাদেরই কেবল শোন জয় জয়কার|
- 12
“জাগো হে মা দবোরা, জেগে ওঠো, গাও গান! বারক তুমিও জাগো| হে অবীনোয়মের পুত্র তোমার শত্রুদিগকে বন্দী করো|
- 13
“তারপর তিনি ইস্রায়েলে যারা বেঁচে আছে তাদের শক্তিমান লোকদের বিজয়ী করলেন| প্রভু আমায় যোদ্ধাদের ওপর শাসন করতে দিলেন|
- 14
“অমালেকদের পাহাড়ী দেশ হতে ইফ্রয়িমের লোকরা এসেছিল| হে বিন্যামীন, তারা তোমায় ও তোমার লোকদের এবং মাখীর পরিবার থেকে আসা অধ্যক্ষগণকে অনুসরণ করেছিল| হে সবূলূন তোমার নেতারা সেনাপতির দণ্ড নিয়ে এসেছিল|
- 15
ইষাখরের নেতারা দবোরার সঙ্গে ছিল| ইষাখরের লোকরা বারকের প্রতি বিশ্বস্ত ছিল| দেখ, ঐ লোকরা কুচকাওয়াজ করে উপত্যকায় নামছে| “রূবেণ, তোমার সেনাদলে প্রচুর সাহসী সৈন্য আছে|
- 16
তবে কেন তোমাদের মেষপালের আশেপাশে বসে রয়েছ? রূবেণ তোমার সাহসী সেনারা যুদ্ধ সম্পর্কে এত চিন্তা করেছিল| তবু কেন তারা বাড়ীতে বসে মেষপালকের বাঁশীর বাজনা শোনে?
- 17
যর্দন নদীর ওপারে গিলিয়দবাসী তাঁবুতেই বসে ছিল| এবং তোমার দান এর লোকরা, কেন জাহাজের আশেপাশে বসেছিল? আশের গোষ্ঠী সাগরের তীরে নিরাপদ বন্দরে মনের মতন করে তাঁবু গেড়েছিল|
- 18
“কিন্তু সমস্ত সবূলূনবাসী, নপ্তালি অধিবাসী পাহাড়ের গায়ে জীবনের বাজী রেখে প্রত্যেকে মহাসংগ্রামে মেতেছিল|
- 19
কনানের রাজারা যুদ্ধে এলেন, তানক শহরে মগিদ্দোর জলের ধারে যুদ্ধ চলল, তবু কোন সম্পদ না নিয়ে তাঁরা ঘরে ফিরলেন|
- 20
আকাশের যত তারা, নিজ নিজ পথ হতে মেতেছিল যুদ্ধে সেদিন সীষরার বিরুদ্ধে|
- 21
প্রাচীন কালের কীশন নদী সীষরার সৈন্যবাহিনীকে ভাসিয়ে নিয়ে গিয়েছিল| হে আমার আত্মা, শক্তির সঙ্গে বেরিয়ে এস|
- 22
অশ্ব ক্ষুরের আঘাতে মাটি কেঁপে ওঠে| সীষরার পরাক্রমী অশ্বরা সব ছুটে যাও, ছুটে যাও|
- 23
“প্রভুর দূত বলল, মেরোস শহরকে অভিশাপ দাও| তার শহরবাসীদের অভিশাপ দাও| কারণ তারা সৈন্যবাহিনী নিয়ে প্রভুকে সাহায্য করতে আসে নি|”
- 24
কেনীয় হেবরের পত্নী–যায়েল তার নাম| সর্বোত্তমা মহীয়সী নারী, প্রণাম তারে প্রণাম|
- 25
সীষরা চাইল জল; জল নয়, যায়েল তাকে দুধের পাত্র এগিয়ে দিল| রাজারই পক্ষে মানায় তেমন পাত্র| তাতে ক্ষীর ননী সাজিয়ে দিল যায়েল|
- 26
যায়েল তার হাত বাড়ালো, তাঁবু খাটানোর গোঁজ হাতে পেলো| ডান হাত বাড়ালে কর্মকারের হাতুড়ি উঠে এলো| তারপর সে সীষরার মস্তকে আঘাত হানল| সে হাতুড়ির আঘাতে তার কপালের দুই পাশের মধ্য দিয়ে একটা ছিদ্র করল|
- 27
যায়েলের পায়ে মাথা গুঁজে দিয়ে পড়ে গেল সীষরা| ভূতলশায়িত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল এক চরম বিপর্যয়|
- 28
“সীষরার মা জানালা থেকে উঁকি দেয়| সীষরার মা পর্দা সরিয়ে তাকায় আর কাঁদে, ‘সীষরার রথ ফিরতে দেরী করে কেন? কেন আমি এখন অবধি তার মালগাড়ীর শব্দ শুনছি না?’
- 29
“তার প্রজ্ঞাবতী দাসী উত্তর দিল, ব্যাকুলা মায়ের দেখ এই দুর্গতি|
- 30
দাসীটি বলল, ‘আমি নিশ্চিত তারা যুদ্ধে জিতেছে, এবং এখন তারা তাদের লুটের প্রচুর দ্রব্যসামগ্রী নিজেদের মধ্যে ভাগ করছে| প্রত্যেক সৈন্য নেবে দু একটি করে রমণী এবং বিজয়ী সীষরা হয়তো পরবার জন্য দু-একটি রঙীন সুতোর কাজ করা পোশাক পাবে|’
- 31
“ওগো প্রভু, যেন এভাবেই মরে তোমার শত্রুরা| যারা তোমায় ভালবাসে তারা যেন প্রভাত সূর্যসম শক্তি অর্জন করে|”