✦Follow
Learn › ASV → BENGALI · 2 Samuel 21

2 Samuel 21

American Standard Version (en) → Bengali Bible (bn)

Vocab cards →Courses →
Key words
  1. 1

    দায়ুদ যখন রাজা ছিলেন তখন একটা দুর্ভিক্ষ হয়েছিল| সেই দুর্ভিক্ষ কবলিত অনাহারের দিন টানা তিন বছর চলেছিল| দায়ুদ প্রভুর কাছে প্রার্থনা করলেন এবং প্রভু তার উত্তর দিলেন| প্রভু বললেন, “শৌল এবং তার খুনী পরিবারই এই দুর্ভিক্ষের কারণ| শৌল গিবিয়োনীয়দের মেরে ফেলেছে বলে এই দুর্ভিক্ষ এসেছে|”

  2. 2

    গিবিয়োনীয়রা ইস্রায়েলী ছিল না| তারা ইমোরীয়দের একটি গোষ্ঠী| ইস্রায়েলীয়রা শপথ করেছিল যে তারা গিবিয়োনীয়দের আঘাত করবে না| কিন্তু শৌল গিবিয়োনীয়দের হত্যা করার চেষ্টা করেছিল| শৌল এ কাজ করেছিল কারণ ইস্রায়েল এবং যিহূদার লোকদের সম্পর্কে তার ভাবানুভূতি অত্যন্ত তীব্র ছিল|

  3. 3

    দায়ুদ গিবিয়োনীয়দের বললেন, “তোমাদের জন্য আমি কি করতে পারি? ইস্রায়েলের পাপ খণ্ডনের জন্য আমি কি করলে তোমরা প্রভুর সন্তানদের আশীর্বাদ করবে?”

  4. 4

    গিবিয়োনীয়রা দায়ুদকে বলল, “শৌলের পরিবারের লোকরা যা করেছে তার মূল্য দেওয়ার জন্য তাদের পরিবারের যথেষ্ট সোনা ও রূপো নেই| কিন্তু আমাদের কোন অধিকার নেই যে ইস্রায়েলের কোন লোককে হত্যা করি|”

  5. 5

    গিবিয়োনীয়রা উত্তর দিল, “শৌল আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে| আমাদের যত লোক ইস্রায়েলে বাস করে তাদের সকলকে সে হত্যা করতে চেয়েছিল|

  6. 6

    শৌলের ছেলে-মেয়েদের মধ্যে থেকে সাতটি পুত্র আমাদের দাও| শৌল প্রভুর মনোনীত রাজা ছিল| তাই আমরা শৌলের গিবিয়া পর্বতে, প্রভুর সামনে তার ছেলেদের ফাঁসি দেব|”

  7. 7

    কিন্তু যোনাথনের পুত্র মফীবোশতকে রাজা নিরাপত্তা দিলেন| যোনাথনও শৌলের পুত্র, কিন্তু রাজা যোনাথনের কাছে প্রভুর নামে একটি শপথ গ্রহণ করেছিলেন|

  8. 8

    দায়ুদ অর্মোণি এবং মফীবোশতকে তাদের হাতে তুলে দিলেন| এরা ছিল শৌল এবং তার স্ত্রী রিস্পার পুত্র| মেরাব নামে শৌলের এক কন্যাও ছিল| মহোলাতীয় বর্সিল্লয়ের পুত্র অদ্রীয়েলের সঙ্গে তার বিয়ে হয়েছিল| দায়ুদ মেরাব এবং অদ্রীয়েলের পাঁচ ছেলেকে নিলেন|

  9. 9

    দায়ুদ এই সাতজন পুরুষকে গিবিয়োনীয়দের দিয়ে দিলেন যারা তাদের গিবিয়া পর্বতে নিয়ে গিয়েছিল এবং প্রভুর সামনে ফাঁসি দিয়েছিল| এই সাতজন পুরুষ একই সঙ্গে মারা গেল| ফসল তোলার প্রথম দিকেই তাদের হত্যা করা হল| সময়টা ছিল বসন্তকাল এবং এটা ছিল যবের ফসল তোলার গোড়ার দিকে|

  10. 10

    অয়ার কন্যা রিস্পা দুঃখের পোশাক গ্রহণ করল এবং শিলার উপরে তা রাখল| চাষবাসের শুরুর সময় থেকে বৃষ্টি আসা পর্যন্ত সেই দুঃখের পোশাক সেই পাথরেই পড়ে রইল| রিস্পা দিনরাত সেই দেহগুলি পাহারা দিত| দিনের বেলায় কোন হিংস্র পাখী বা রাতের বেলায় কোন হিংস্র প্রাণীকে সে দেহগুলির কাছে আসতে দিত না|

  11. 11

    শৌলের দাসী রিস্পা যা করছে, সে সম্পর্কে লোকরা রাজা দায়ুদকে বলল|

  12. 12

    তখন রাজা দায়ুদ শৌল ও যোনাথনের হাড়গুলো যাবেশ গিলিয়দের কাছে থেকে নিয়ে নিলেন| (শৌল ও যোনাথনের গিল্বোয়াতে মৃত্যুর পর যাবেশ গিলিয়দরা সেই হাড়গুলি এনেছিল| পলেষ্টীয়রা শৌল ও যোনাথনের দেহ দুটি বৈৎ‌শানের (নিকটস্থ) দেওয়ালে ঝুলিয়ে রেখেছিল| কিন্তু বৈৎ‌শানের লোকরা সেখানে গিয়ে দেহগুলি চুরি করে আনে|)

  13. 13

    যাবেশ গিলিয়দের কাছ থেকে দায়ুদ শৌল এবং তার পুত্র যোনাথনের হাড়গুলি নিয়ে আসেন| সেই সাত জন যাদের ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছিল, তাদের দেহও তারা নিয়ে গিয়েছিল|

  14. 14

    শৌল এবং যোনাথনের হাড় তারা বিন্যামীন দেশে কবরস্থ করল| শৌলের পিতা কীশের কবরের মধ্যে তারা তাদের কবর দিল| রাজা যা যা বলেছিলেন, লোকরা ঠিক তাই তাই করল| তাই ঈশ্বর সেই দেশের লোকের প্রার্থনা শুনলেন|

  15. 15

    পলেষ্টীয়রা ইস্রায়েলীয়দের সঙ্গে আর একটি যুদ্ধে লিপ্ত হল| দায়ুদ এবং তার লোকরা পলেষ্টীয়দের সঙ্গে লড়াই করতে গেলেন| কিন্তু দায়ুদ প্রচণ্ড ক্লান্ত ও দুর্বল হয়ে পড়লেন|

  16. 16

    যিশ্বী-বনোব একজন দৈত্য ছিল| তার বর্শার ওজন ছিল প্রায় 7.5 পাউণ্ড পিতল| তার একটা নতুন তরবারি ছিল| সে দায়ুদকে হত্যা করার চেষ্টা করল|

  17. 17

    কিন্তু সরূয়ার পুত্র অবীশয় সেই পলেষ্টীয়কে হত্যা করে দায়ুদকে বাঁচিয়ে দিল|

  18. 18

    পরে গোব নামক স্থানে পলেষ্টীয়দের সঙ্গে আর একটি যুদ্ধ হল| হূশাতীয সিব্বখয় দৈত্যদের মধ্যে সফ নামে আর একজনকে হত্যা করল|

  19. 19

    পরে পলেষ্টীয়দের বিরুদ্ধে গোব নামক স্থানে আর একটা যুদ্ধ হয়| সেই যুদ্ধ বৈৎ‌লেহমবাসী যারেওরগীমের পুত্র ইলহানন, গাতীয় গলিয়াতকে হত্যা করল| তার বর্শা তাঁতির তাঁতের দণ্ডের মতই বড় ছিল|

  20. 20

    গাতে আরও একটা যুদ্ধ হয়| একজন খুব লম্বা চেহারার লোক ছিল যার প্রত্যেকটি হাতে এবং পায়ের পাতায় ছটা করে, মোট 24টা আঙ্গুল ছিল| এই লোকটাও একজন রাফার সন্তান|

  21. 21

    ঐ লোকটা ইস্রায়েলকে বিদ্রূপ করল (কিন্তু যোনাথন, শিমিয়ির পুত্র যে ছিল দায়ুদের ভাই, তাকে হত্যা করল|)

  22. 22

    এই চারজন প্রত্যেকেই দৈত্যদের সন্তান এবং এরা গাত থেকে এসেছিল| তারা দায়ুদ এবং তার লোকদের দ্বারা নিহত হয়েছিল|

← Previous chapterNext chapter →

Read & Listen

  • Read
  • Listen
  • Library
  • Plans

Worship & Walk

  • Worship
  • Chapel mode
  • Walk
  • Harmony

Learn & Discover

  • Learn
  • Learn languages
  • Stories
  • Exemplars
  • Speak
  • Misread verses
  • Ask
  • Comics

About

  • About
  • Joules/verse
  • Settings
  • Source

More from askdavidc

  • AAC
  • Boca
  • Maps
Energy used today: 0 JFree forever. No ads. No paywall. No tracking. Every joule metered.